Wednesday, April 30, 2008

২০টি বানরের গল্প [দ্বিতীয় অংশ]

মাসুদ রানা
৩০ এপ্রিল, ২০০৮ সুকুবা, জাপান

২০টি বানরের গল্প [দ্বিতীয় অংশ]

সূরা বাকারায় আদম(আঃ) এবং শয়তানের ঘটনা বর্ণনা করা হয়েছে । আমরা সবাই সেই কাহিনী জানি যে, আল্লাহ্‌ আদম(আঃ) কে সৃষ্টির পর হাওয়া(আঃ) কে সৃষ্টি করলেন । তারপর, ফেরেশতাদের বললেন আদম(আঃ) কে সিজদা করতে । সবাই করল, কিন্তু ইবলিশ করল না । সে শয়তান হয়ে গেল । আমরা জিনিসটাকে গল্প ছাড়া আর কিছু মনে করি না । কিন্তু আসলেও কি তাই ?

প্রথমে সিজদা জিনিসটা ব্যাখ্যা করা যাক । সিজদাটা আসলে কি ? উত্তর সহজ, আমরা নামাযে যে সিজদা দিই । তা ঠিক, আমরা নামাযে সিজদা দিই । সিজদা জিনিসটা হচ্ছে এরকম, যে আমাদের উপর আল্লাহ্‌র এত দয়া, আল্লাহ্‌ আমাদেরকে এত জিনিস দিয়েছেন, আল্লাহ্‌ এত বড় যে আমরা তাকে সিজদা দিই । কিন্তু কেন দিই ? বলে রাখি, শুধু উঠ-বস করলাম, সেটাই সিজদা হয় না । আমি সিজদা জিনিসটাকে এভাবে দেখি, ধরলাম আমি নিজে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজপ্রাপ্ত একজন বিজ্ঞানী । কাজেই, বর্তমান বিশ্বের পদার্থবিদ্যায় আমার জ্ঞান অনেক । আমি যখন নামাযে দাঁড়ালাম, আল্লাহ্‌ কিন্তু আমার দিকে মনোযোগ দিলেন । আমি আল্লাহ্‌র সম্মুখে দাঁড়িয়ে । আমি তখন ভাবা শুরু করলাম, আমি নোবেল প্রাইজ পেয়েছি, কিন্তু আল্লাহ্‌ তিনি এই মাহাবিশ্ব তৈরী করেছেন । আমি পদার্থবিজ্ঞানী হিসেবে জানি, কতটা পারফেক্ট অবস্থায় আছে আমাদের সৌরজগত্‌ । নোবেল প্রাইজপ্রাপ্ত আমি সৌরজগতের সবকিছু ঠিকমত ব্যাখ্যা পর্যন্ত করতে পারি না, আর আল্লাহ্‌ এগুলো সব বানিয়েছেন । আমি তার সামনে দাঁড়িয়ে আছি, আর তিনি আমার দিকে মনোযোগ দিয়ে আছেন । তার সামনে আমি কত ছোট যে এভাবেই মাথা নত হয়ে আসে । তখন আমরা রুকুতে চলে যাই । তারপর দেখি যে না, শুধু ঐটুকু করলেই হচ্ছে না, আমরা একদম সিজদা দিয়ে দিই । সিজদা হচ্ছে বিনয়ের সর্বোচ্চ ধাপ, আমরা এতে আমাদের মাথা মাটিতে ঠেকিয়ে ফেলি । সিজদা প্রথমে আসবে মন থেকে । এবং তখন শরীর এমনিতেই ঝুঁকে যাবে । এইটাই সিজদা ।

এবার আসা যাক কোরানে আদম(আঃ) সম্পর্কে কি বর্ণিত গল্প বিষয়ে । আমরা এটটাই অন্ধ যে, কোরানের আয়াতগুলোকে কত সহজভাবে নিয়ে নিই; যেখানে আল্লাহ্‌ কোরানেই বলেছেন যে তার আয়াতকে আমরা যেন হালকাভাবে না নিই । আদম(আঃ) কে সৃষ্টি করার পর আল্লাহ্‌ আদম(আঃ) কে কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন । তারপর ফেরেশতাদের সেই জিনিসগুলোর নাম বলতে বলা হল । তারা পারল না । তারপর আল্লাহ্‌ ফেরেশতাদেরকে বললেন আদম(আঃ) কে সিজদা করতে । ফেরেশতারা করল । তারপরে কি হল সেইটাও আমরা সয়াবি জানি । কিন্তু ঐটা আজকের বিষয় না । আমার প্রশ্ন হচ্ছে, ফেরেশতারা কেন সিজদা করল ঐ মানুষটাকে ? কেউ কেউ বলবেন, আল্লাহ্‌ আদেশ করেছেন বলে । তা ঠিক । কিন্তু ফেরেশতারা কি কিছু না বুঝেই সিজদা দিয়ে দিবে ? কেন সিজদা করতে হবে না জেনেই তারা সিজদা করে ফেলবে ? আর, আল্লাহ্‌ও কি কোন কারণ না দেখিয়েই তাদেরকে ঐ মানুষটাকে(আদম(আঃ)কে) সিজদা করতে বলবেন ? আমার অন্ততঃ তা মনে হয় না । ফেরেশতারা আল্লাহ্‌র আদেশ অবশ্যি পালন করেছে । কিন্তু কেন করতে হবে সেইটা তারা সম্পূর্ণরূপে বুঝে , নিজেরা মন থেকে সম্পূর্ণরূপে গ্রহণ করে সিজদা করেছিল । আমি আবার প্রশ্ন করলাম, তাহলে কি ছিল সেই জিনিস, যাতে ফেরেশতারা এটটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে, একজন মানুষ(আদম(আঃ)) এর সামনে তাদের মাথা নত হয়ে আসছে ? আসলেই কি সেটা ??

যাদের মনে এখনও সন্দেহ যে ফেরেশতারা কি আসলেই অন্ধভাবে আল্লাহ্‌র আদেশ পালন করেছিল, তাদের জন্য বলি, ফেরেশতারা কিন্তু আল্লাহ্‌কে প্রশ্ন করেছিল । তারা কিন্তু আল্লাহ্‌র সিদ্ধান্তর উপর প্রশ্ন করেছিল । আল্লাহ্‌ যখন ফেরেশতাদেরকে মানুষ সৃষ্টি সম্পর্কে সংকেত দিলেন, তখন কিন্তু তারা বলে নি, আল্লাহ্‌ তুমি সিদ্ধান্ত নিয়েছ, তাহলে আমরা আর কি বলব ? বরঞ্চ তারা প্রশ্ন তুলেছিল, কেন এই মানুষকে সৃষ্টি করা দরকার ? কেন এই মানুষ যারা হানাহানি করবে, রক্তপাত করবে, তাদের অযথা সৃষ্টি করার কি দরকার ? কাজেই প্রথমে ফেরেশতারা মেনে নিতে পারছিল না মানুষ সৃষ্টির প্রয়োজনীয়তাকে । আর সেই ফেরেশতারাই কেন এত মুগ্ধ হয়ে গেল যে, তারা মানুষকে সিজদা করে ফেলল ?

ইংগিতরা রয়েছে ঐ জায়গায়, যেখানে ফেরেশতারা কিছু জিনিসের নাম বলতে পারল না, কিন্তু আদম(আঃ) বলে দিলেন । এখন আমি আবার প্রশ্ন করলাম, আল্লাহ্‌ আদম(আঃ)কে শিখিয়ে দিয়েছেন বলে আদম(আঃ) বলতে পেরেছেন । ফেরেশতাদের শিখিয়ে দিলে নিশ্চয়ই তারাও বলতে পারত । তাহলে এখানে আর শ্রেষ্ঠত্বের কি আছে মানুষের ? কিন্তু ফেরেশতারাও তো মানুষের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছিল । আমার যা মনে হয়, আল্লাহ্‌ এখানে মানুষের ইন্‌টেলেক্ট কে নির্দেশ দিয়েছেন । মানুষের চিন্তা করার অসাধারণ ক্ষমতাকে নির্দেশ করেছেন । মানুষের শেখার অসাধারণ ক্ষমতাকে নির্দেশ করেছে । আর ফেরেশতারা এই চমত্‌কার জিনিসটাতে এটতাই মুগ্ধ হয়েছিল যে, তারা মানুষের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছিল ।

আমরা যদি একটু ভেবে দেখি, আমরা কোন দিক দিয়ে ফেরেশতাদের চেয়ে সেরা ? শক্তিতে ? পাগল-১০০কেজি ওজনের পাথর তুলতে পারি না । ফেরেশতারা কোন ভূল করে না, আল্লাহ্‌র আদেশ পুংখানুপুংখভাবে পালন করে । আর সেরা মানুষ, নবী-রাসূলরাও পর্যন্ত ভূল করেছেন(মুহাম্মদ(সাঃ) বাদে), আর অন্যান্যদের কথা না হয় বাদই দিলাম । আমরা খুব দ্রুতগতির প্রাণি ? ছোঃ, ফেরেশতাদের গতির কাছে আমরা কি ? কিন্তু তারপরও মানুষ ফেরেশতাদের চেয়ে সেরা । কেন ? কখনো চিন্তা করেছি ? ঐ যে চিন্তা করি নাই, ঐ চিন্তা করতে পারা, সৃষ্টিশীলতা, ঐ কারণেই মানুষ ফেরেশতাদের চেয়ে সেরা । মানুষ ফেরেশতাদের চেয়ে সেরা হওয়ার আরেকটা কারণ, মানুষ আল্লাহ্‌র গুণে গুণান্বিত হতে পারে । মানুষ হতে পারে ক্ষমাশীল, মানুষ হতে পারে দয়ালু, মানুষ রাগ করতে পারে, মানুষ নতুন জিনিস সৃষ্টি করতে পারে, মানুষ ধৈর্য ধরতে পারে, মানুষ সহ্য করতে পারে, মানুষ পারে ভালবাসে, মানুষ ত্যাগ স্বীকার করে । চিন্তা করে যদি দেখি, এসবই আল্লহ্‌র গুণ । মানুষ এভাবেই আল্লাহ্‌র গুণে গুণান্বিত হতে পারে । আর একারণেই হয়তো, আল্লাহ্‌ যখন মানুষ সৃষ্টি সম্পর্কে ফেরেশতাদেরকে বলেছেন, তখন কিন্তু আল্লাহ্‌ বলেছেন যে তিনি দুনিয়াতে তার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছেন । চুপ করে বসে একটু ভেবে দেখলাম, প্রতিনিধি মানে কি ? এম্ব্যাসেডর । আমরা মানুষেরা হচ্ছি, দুনিয়াতে আল্লাহ্‌র এম্ব্যাসেডর । কত বড় একটা পোষ্ট !! এই কারণেই মানুষ, এত ভূল করার পরেও ফেরেশতাদের চেয়ে সেরা । মানুষের শ্রেষ্ঠত্ব তার চিন্তা করার ক্ষমতা আর তার মানবিক গুণাবলীতে ।

আর আমরা সেই চিন্তা করি না । মস্তিষ্ক ব্যবহার করি না । হায় !

আবার অনেকে বলে আমল(কাজ) করতে হবে । জ্ঞানের দিকে তাদের আগ্রহ এতই কম ! নিজেরা সামান্য চিন্তা করে না । অন্যের আশায় বসে থাকে । আলেমরা তাদের জন্য চিন্তা করে দিবে, আর তারা তা অন্ধভাবে পালন করবে !! চিন্তা করতে ভয় পায় তারা । যদি ভূল হয়ে যায় । আরে ভাই, মানুষ শব্দটার অর্থই তো যারা ভূল করে । অর্থাৎ যারা ভূল করে তারাই মানুষ । আল্লাহ্‌ কোরানে মানুষকে বলেছেন, ইন্‌সান । আর ইন্‌সান শব্দটা আরবী থেকে বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায়, যারা ভূল করে । আমরা কিন্তু ভূল করতে করতেই শিখি । বাধা পেয়ে পেয়ে আমরা শিখি । একটা হাঁসের বাচ্চা জন্মের পরই সাঁতার কাটতে পারে । মানুষ কিন্তু ভূল করতে করতে শিখে । আর সহীহ্‌ হাদীস, মানুষ কোন বিষয়ে চিন্তা করে ব্যখ্যা-বিশ্লেষণ করে যদি ভূল হয় তাহলেও একটা পুরষ্কার, আর যদি সঠিক হয়, তাহলে দুইটা পুরষ্কার । ভূল হলেও পুরষ্কার, কারণ সে অন্ততঃ মস্তিষ্কের ব্যবহার করেছে । কাজেই চিন্তা করতে , কোন কিছু নিয়ে কথা বলতে ভয় কোথায় ? এখন কেউ যদি তথাকথিত হুজুরের সামনে গিয়ে বলে যে, আমার মনে প্রশ্ন জেগেছে, আল্লাহ্‌র মানুষ সৃষ্টির কি দরকার ছিল ? হুজুর তো তাকে পাপী টাপি, নাস্তিকে-তাস্তিক বলে তাড়িয়ে দিবে । আর সে ভয় পেয়ে যাবে, বলবে আস্তাগ্‌ফিরুল্লাহ্‌ । অথচ, ফেরেশতারা এই প্রশ্নটা করেছিল, এবং আল্লাহ্‌ এর উত্তর কোরানে দিয়েছেন ।

আরেকটু ভেবে দেখি, কোরান হচ্ছে নিদর্শণের (আয়াতের) সমষ্টি । আল্লাহ্‌ তো আমাদেরকে পুরো বিস্তারিত জানিয়ে দিতে পারতেন । কিন্তু তাহলে তো আমাদের আর মস্তিস্ক ব্যবহার করার চমত্‌কার সুযোগটা থাকত না !

কোরানে কোন বিষয়ে যদি একাধিকবার বলা থাকে, তাহলে তার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনেক বেশী । আমি ধর্মকে সংখ্যাতত্ত্ব দিয়ে ব্যখ্যা করাকে তেমন পছন্দ করি না । আমাদের মাঝে অনেকে আছে, হিসাব করতে বসে যায়, কোন কাজটা করলে কত নেকী । তারপর যোগ বিয়োগ করে । আবার গুন ভাগ করে । হায়রে বোকা ! যাই হোক এইটা আজকের বিষয় না । শুধু একটু তুলনা করার জন্য বলি, ওজু সম্পর্কে কোরানে বলা আছে ২ বার । এতিম সম্পর্কে ১৮ বার । আর সালাত(নামায) সম্পর্কে ৮২ বার । কাজেই চিন্তা করে দেখুন, নামাযটা কতটা দরকারী (নামাযটা আসলে কি যদিও আমরা বুঝি না, যাই হোক) । এই কারণেই হয়তো আমরা নামায নিয়ে এত উঠে পড়ে লেগেছি । ধার্মিকদের মুখে নামায ছাড়া আর কিছু নাই । আবার অনেকে বলে, নামায সব কিছুকে ঠিক করে দিবে ! তাহলে আমার প্রশ্ন, মুসলমানদের আজকে এই অবস্থা কেন ? অবশ্য, সত্যিকারের নামায পড়লে হত হয়তো । কারণ, নামাযে আসলে জীবনের প্রতিটা দিক অন্তর্ভূক্ত । তারপরও হুজুরদের সাথে বলার জন্য গলা মিলিয়ে যদি বলিও নামায, নামায আর নামায । ঠিক আছে, ইল্‌ম মানে হচ্ছে জ্ঞান । কোরানে ইল্‌ম এবং মূল শব্দটা বলা হয়েছে কয়বার ? ১০ বার, না । ৫০ বার, না । ৮১ বার, না । ৮৩ বার, না । ১০০ বার! না ! ৮৫৪ বার !!! অনেকে আমাকে ভূল বুঝে, মনে করে আমি নামাযে অনুত্‌সাহিত করছি । মোটেও না । আমি শুধু বলতে চাই ইসলাম=নামায, রোযা এই ধারণাটা ভূল । কোরানে ৬০০০ এর চেয়ে বেশী আয়াত আছে (সম্ভবত, ৬৬৬৬টি) । নামায, রোযা একটা অংশ মাত্র । আমাদের নামাযে ১০ মিনিট সময় ব্যয় করার জন্য আগ্রহ থাকে, তাহলে কি জ্ঞান অর্জনের জন্য ১০০ মিনিট সময় ব্যয় করা উচিত না ? আমরা যদি নামায নিয়ে ১০ মিনিট কথা বলি, আমাদের কি জ্ঞান নিয়ে ১০০ মিনিট আলোচনা করা উচিত না ? কাউকে যদি আমরা ১০ বার নামায পড়ার জন্য ডাকি । তাকে কি আমার ১০০ বার জ্ঞান অর্জনের জন্য ডাকা উচিত না ? কিন্তু বর্তমানে যেইটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তা হল, আমরা নামাযের জন্য ডাকি ১০০০ বার, আর জ্ঞানের জন্য ডাকি বা জ্ঞানের কথা বলি ০(শূণ্য) বার ! এইটা কি হওয়া উচিত ?? এইখানেই আমার আপত্তি । আর জ্ঞান জিনিসটা কি তা নিয়ে না হয় পরে আরেকদিন কথা হবে, শুধু যে আমাকে অন্যরা ভূল না বুঝে তার জন্য বলছি, জ্ঞান মানে কিন্তু ইসলাম ইসলাম করলাম, আর আল্লাহহ, আল্লাহ্‌ করলাম, তাই ই কিন্তু না, মানুষের জীবনের সব কিছুই ইসলাম এর ভিতর অন্তর্ভুক্ত । বায়োলজি, দর্শণ, সমাজ, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারী, কম্প্যুটার সায়েন্স, সব, সবই ইসলাম এর ভিতরে পড়ে ।

অনেকে বলবে, পন্ডিত হয়েছ ? বেশী বেশী চিন্তা কর । পন্ডিত ! যতই পড়ি, নিজেকে ততই মূর্খ বলে মনে হয় । কোরানে যা সরাসরি নির্দেশ থাকবে, ঐ নিয়ে তো আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি না । যেমন, আল্লাহ্‌ সরাসরি শুকরের মাংস খেতে নিষেধ করেছে, সুদ খেতে নিষেধ করেছেন, ব্যাভিচার করতে নিষেধ করেছেন । আমি তো আর চিন্তা করতে বসব না যে, আসলেই কি ব্যভিচার করা উচিত নাকি একবার দুইবার করা যায়, নাকি বিদেশে করলে দোষ নেই । যেটা আল্লাহ্‌ সরাসরি না করেছেন, সেইটা না, ব্যস । কিন্তু যে জিনিস অন্য মানুষ ব্যখ্যা করেছে, সে আবু হানিফাই হোক, ড, জাকির নায়েক-ই হোক আর আমাদের পাড়ার হুজুরই হোক চিন্তা না করে অন্ধভাবে, বানরের মত অনুসরণ করব না । আমি মানুষের বানরত্বর স্বভাব থেকে মুক্তি পেতে চাই ।

Friday, April 25, 2008

২০টি বানরের গল্প

মাসুদ রানা
সুকুবা, জাপান
২৪ এপ্রিল, ২০০৮

২০টি বানরের গল্প

একটা খাঁচায় ১০টি বানর রাখা ছিল, আর খাঁচার ছাদে কলা ঝুলানো ছিল । তো, যেই বানরগুলো কলা দেখল একসাথে সবগুলো বানর কলা নেয়ার জন্য লাফ দিল । যেই না লাফ দেয়া অমনই বাইরে থেকে গার্ডরা গরম পানি বানরের গায়ে ঢেলে দিল । গরম পানি ঢালা বন্ধ হলেই বানরগুলো আবার লাফ দিল, আবারো বাইরে থেকে গার্ডরা গরম পানি ঢেলে দিল । এমন করে কয়েকবার চলার পর বানর বুঝে গেল, কলার জন্য লাফ দেয়া যাবে না । কারণ, লাফ দিলেই গরম পানি ।

গরম পানির অভিজ্ঞতা আছে এমন বানরকে অভিজ্ঞ বানর হিসেবে ধরা যাক । এবার খাঁচা থেকে একটা অভিজ্ঞ বানরকে সরিয়ে নিয়ে একটা নতুন বানর ঢুকানো হলো । নতুন বানরটা যেইনা কলা দেখল অমনেই লাফ দিল । কিন্তু এবার আর বাইরের গার্ডরা গরম পানি দিচ্ছে না । তবে অভিজ্ঞ পুরাতন ৯টি বানর নতুনটার উপরে ঝাঁপিয়ে পড়ল । আরে করিস কি, করিস কি, কলা নেয়া যাবে না । নতুন বানরটা তো পুরো বোকা হয়ে গেল । আরে এই বানরগুলোর সমস্যা কি ! নিজেরা তো কলা নিচ্ছেই না, বরঞ্চ আমাকেও নিতে দিছে না । কিন্তু এই পর্যন্তই, কেন কলা নেয়া যাবে এই নিয়ে আর মাথা না ঘামিয়ে বাকি ৯টা বানরকে অনুসরণ করে চুপচাপ বসে রইল ।

এইবার করা হলো কি, আরেকটা অভিজ্ঞ পুরাতন বানরকে সরিয়ে তার জায়গায় আরেকটা নতুন বানরকে ঢুকানো হল । এখন, খাঁচায় আছে গরম পানির অভিজ্ঞতায় অভিজ্ঞ ৮টি পুরাতন বানর, গরম পানির অভিজ্ঞতা নাই এরকম ১টি পুরাতন বানর এবং ১টি একেবারেই নতুন বানর । এইবারও একই ঘটনা, নতুন বানরটা যেইনা কলা দেখল, অমনি লাফ দিল । আর সাথে সাথে গরম পানির অভিজ্ঞতায় অভিজ্ঞ ৮টির সাথে সাথে গরম পানির অভিজ্ঞতা নাই ঐ বানরটিও ওদের সাথে একসাথে নতুন বানরটির উপর ঝাঁপিয়ে পড়ল । তো নতুন বানর আর কি করার, আগেরটার মতই কেন কলা নেয়া যাবে না, সেই দিকে না গিয়ে অন্ধভাবে বাকিগুলোকে অনুসরণ করল।

এমন করে একটার পর একটা গরম পানির অভিজ্ঞতায় অভিজ্ঞ বানরগুলোকে সরিয়ে নতুন বানর ঢুকানো হয়, আর একই ঘটনা ঘটতে থাকে । এমন করে এখন খাঁচায় যেই বানরগুলো রইলো সেইগুলোর কারোরই গরম পানির অভিজ্ঞতা নাই । তারা জানে না , কেন কলা নেয়ার জন্য লাফ দেয়া যাবে না, কিন্তু তারা কেউ আর কলা নেয়ার চেষ্টা না করে চুপচাপ মন খারাপ করে বসে থাকল ।

গল্পটা এইখানেই শেষ । কিন্তু এই গল্প থেকে দারুণ একটা জিনিস শিখেছি । এই গল্পটা জানার পর, নিজেকে বানরের মতই মনে হয়েছে কয়েকদিন । শুধু আমার নিজেকে না, আমার চারপাশের অনেককেই বানর বলে মনে হয়েছে এবং এখনো হয় । চিন্তা করে দেখলাম, আমরা তো ঠিক একই কাজটা করে থাকি । সবাই করে তাই করি । যেমন, আমাদের সময় লাভ হোক বা না হোক, সবাই প্রাইভেট পড়তে যেত । আমার ভাগ্য ভাল, আমি যাই নাই । এতে কোন ক্ষতিই হয় নাই, বরঞ্চ দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম আমি মনিপুর স্কুল থেকে । যাই হোক । আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, বাবা-মা নামায পড়ে । তাই আমরাও পড়ি । কখনো নিজেকে জিজ্ঞেস করি নাই, কেন নামায পড়তে হবে কিংবা নামায জিনিসটাই বা কি ? নিজেকে মুসলমান বলি । মুসলমান বলতে আসলে কি বুঝায়, জানি না । কেন রোযা রাখব ? মসজিদে প্রায় কাপড়বিহীন গরীব মানুষেরা বসে থাকে জুম্মার দিন । তাদেরকে পায়ে ঠেলে ২ রাকাত নামায(যা পড়ি ঐটাকে যদি নামায বলা যায়!) পড়ে মসজিদে ৫টাকা দান করে ফলমূল কিনে নিয়ে বাসায় ফিরে মাংস দিয়ে ভাত খেয়ে বিশাল ঘুম দেই । কখনোও নিজেকে প্রশ্ন করি না, এইটা কি করছি ?

বিদেশী মেয়েকে বিয়ে করা যাবে না । বিয়ে করতে গেলে বাসা থেকে সমস্যা ! বিয়ে করা যাবে না । কখনো ভেবে দেখিনা, ইসলাম কি বলছে এই বিষয়ে । অলসতা ২ ধরনের । একটা শারীরিক আরেকটা মানষিক । আমরা যারা একটু ভাল ছাত্র, তারা পড়াশনায় প্রচুর খাটি । এবং খাটাটা অবশ্যি দরকার । এইটাও ইসলামের অন্তভূক্ত । যাই হোক আমরা তাও মাথা খাটাই । কিন্তু আফসোস, মানুষ আজকে চিন্তা করা ছেড়ে দিয়েছে । অনেকে আবার বলে, বেশী চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাবে । বটে ! আইনষ্টাইন তার ব্রেনের ১৭% মাত্র ব্যবহার করতে পেরেছিলেন । আর, আমাদের চিন্তায় মাথা খারাপ হবে ?

চিন্তা কেন করি না আমরা ? কেন চ্যালেঞ্জ করি না যে, কেন ৪টা বিয়ে করা যাবে । কেন চ্যালেঞ্জ করি না সুদ কেন দেয়া যাবে না ? আমরা এমনই বোকা, একজন একটা নিয়ম বানায়, আর বানরের মতই সেইটা অন্ধ অনুকরণ করি । হুজুর বলছে সুন্নত না পড়লে গুনাহ্‌ হবে, কখনো ভাবি না, এই সুন্নত কি জিনিস । আর হুজুররা যদি ভাল মানুষই হবে, তাহলে তাদের এই রকম বাজে হাল কেন ? ঠিক ঐ বানরগুলোর মত । আজকে শেষ একটা ঊদাহরণ দেই, হিল্লা বিয়ে । আধুনিক মানুষেরা এর বিপরীতে । আবার অথাকথিত মৌলবাদীরা এর সপক্ষে চেঁচামেচি করে । একদিকে এরা চেঁচামেচি করে, অন্যদিকে আধুনিক নাট্যকারেরা ভুরিভুরি নাটক লিখে টিভি তে প্রচার করে থাকেন । আমি আশ্চর্য হয়ে গিয়েছি, যখন সূরা বাকারার ২২০ নম্বর আয়াত থেকে পড়া শুরু করলাম । না মোল্লারা ঠিক, না নাট্যকাররা ঠিক, দুইজনেই ভূল । আমরা কিরকম বানর, যেই জিনিসটার অস্তিত্ব নাই, সেইটা নিয়ে মারামারি করি বিপক্ষে ভুরিভূরি নাটক লিখি, পক্ষে কত ফতোয়া দেই, কিন্তু সুরা বাকারা ২০ মিনিট সময় ব্যয় করে পড়ি না !

Sunday, March 30, 2008

লা ইলাহ্‌ ইল্লাল্লাহ্‌

লা ইলাহ্‌ ইল্লাল্লাহ্‌
মাসুদ রানা
টোকিও, জাপান

লা ইলাহা ইল্লাল্লাহ্‌ । এর অর্থ কি ? বাংলা ভাষায় অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায়, আল্লাহ্‌ ছাড়া কোন মাবুদ নেই, কিংবা আল্লাহ্‌ ছাড়া কোন প্রভু নেই, কিংবা আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ্‌ নাই । আরবী লা মানে হচ্ছে না । ইল্লাল্লাহ্‌ মানে হচ্ছে আল্লাহ্‌ ছাড়া । ইলাহ্‌ মানে হচ্ছে প্রভু বা মাবুদ । কেউ কেউ এটাকে আর বাংলাতে অনুবাদ করেন না, ইলাহ্‌ শব্দটাই ব্যবহার করেন। কিন্তু, ইলাহ্‌-ই বলি বা প্রভুই বলি কিংবা মাবুদই বলি জিনিসটা আসলে কি ?

আমরা যেই ভুলটা প্রথমেই করি তা হলো, আমরা মনে করে বসে থাকি যে ইলাহ্‌ হচ্ছে কোন সৃষ্টিকর্তা । অর্থাৎ আমরা মসুলমানেরা যেহেতু মনে প্রাণে বিশ্বাস করি যে, একমাত্র আল্লাহ্‌ ই হচ্ছেন সমস্ত বিশ্বজগতের সৃষ্টিকর্তা, তাই আমরা মুসলমানেরা সেফ, জান্নাতে তো যাচ্ছিই, ওয়াও ! আমরা আবার অনেক সময় এও মনে করি যে, ইলাহ্‌ জিনিসটা হচ্ছে আল্লাহ্‌ জাতীয় কোন জিনিস বা ব্যক্তি জাতীয় কোন জিনিস । আসলে, ইলাহ্‌ জিনিসটা কি, সত্যি কথা বলতে এই কিছুদিন আগ পর্যন্তও বিন্দুমাত্র ধারণা ছিল না ।

ইলাহ্‌ হচ্ছে এমন একটা কিছু যার কাছে আমরা নিজেকে সঁপে দিব । যেই জিনিসের উপর আমরা আস্থা করব । যেই জিনিসের কাছ থেকে আমরা কোন কিছু আশা করব । যেই জিনিস আমাদেরকে কিছু দেয়ায় সামর্থ্য রাখে বলে মনে প্রাণে বিশ্বাস করব । যেই জিনিস আমাদের জন্য কি ভাল তা ঠিক করে দেবে । যেই জিনিস হবে আমাদের সকল সুখ এবং আনন্দের উত্‌স । যেই জিনিসকে আমরা সবচেয়ে বেশি ভালবাসব । এবং আমরা মুসলমানদের বিশ্বাস, এই যেই জিনিসটা হচ্ছে আর কিছুই না, একমাত্র আল্লাহ্‌। এবং যে মানুষ আল্লাহ্‌ ছাড়া অন্য কোন কিছুকে সেই জিনিসটা বলে মনে করবে সেই শিরক করলো । এখন দেখা যাক, আমরা মুসলমানেরা আসলে কি করছি ?

সম্পর্ক আছে বলে একটু বলা ভাল বলে মনে করছি । ঊদাহরণ হিসেবে একজন ফেল করা ছাত্রকে ধরা যাক । ধরলাম গণিত পরীক্ষায় সে ফেল করেছে । কারণ আর কি হতে পারে, সে পড়াশোনা করেনি, তাই ফেল করেছে । তবে সে কিন্তু জানত যে, সে যদি পড়াশোনা না করে তাহলে ফেল করবে । যদিও সে জানত যে পড়াশোনা করাটা দরকার, না করলে ফেল করবে এইটা তার দৃঢ় বিশ্বাস । ক্লাশে যে ফার্ষ্ট হয়েছে সে যেরকম বিশ্বাস করে যে পড়াশোনা করতে হবে, ঐ ফেল করা ছাত্রটাও কিন্তু একই কথা একইভাবে বিশ্বাস করে । তাহলে দুইজনের মাঝে তফাত্‌টা কোথায় ? তফাত্‌টা সহজ । একজন বিশ্বাস করেছে এবং সেই অনুযায়ী কাজ করেছে, আরেকজন সেইটা করেনি । এখন রেজাল্ট বের হওয়ার পর সেই ফেল করা ছাত্রটা যদি শিক্ষকের কাছে গিয়ে বলে, স্যার, আমি ১০০% বিশ্বাস করতাম যে, পড়াশোনাটা করা দরকার এবং এটা সত্যি । তাহলে কি বলা যাবে যে, সেই শিক্ষক কি তাকে পাশ করিয়ে দিবে ? ইসলামের বিশ্বাসটাও আমার কাছে ঠিক সেরকমই মনে হয় । শুধু বিশ্বাস করলাম আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ্‌ নেই, কিন্তু যে কাজগুলো করে আমরা নিয়মিতই শিরক করছি বা আল্লাহ্‌র পাশে অন্য কাউকে বসাচ্ছি বা অন্য কোন জিনিসকে বছাচ্ছি, তাহলে কি আমরা বলবো যে আমরা পাশ করব ?

সত্যি কথা বলতে কি এই ইলাহ্‌ শব্দটা এত ব্যপক যে এইটা নিয়ে অনেক গবেষণা করার জিনিস আছে । আর আমাদের মুসলমানদের কি হয়েছে ? যেই বাক্যটাকে আমরা ঈমানের একদম মূল ভিত্তি বলি, সেই বাক্যটার অর্থ না বুঝে জীবনটা পার করে দেই, আফসোস !

ঊদাহরণ দিয়ে ইলাহ্‌ লা ইলাহা ইল্লাল্লাহ্‌ এর ব্যাখ্যা করে দেখা যাক । এইখানে একটা কথা বলে রাখি, যেই মূহুর্তে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ্‌ এর সীমারেখা পার করছি সেই মূহুর্তে আমরা শির্‌ক করছি । তবে আমি যা বলতে চাচ্ছি, তা বোঝার জন্য বোঝার মন নিয়ে পড়া উচিত, কারণ এই ব্যপারটা খুবই দরকারী, সত্যি বলতে বেসিকের ও বেসিক ।

আমাদের জীবনের অন্যতম প্রধান একটা ইলাহ্‌ হচ্ছে টাকা । জীবনের সুখের জন্য কি দরকার, খুবই সহজ ঊত্তর – টাকা । তার মানে হচ্ছে, আমরা বিশ্বাস করে বসে আছি, টাকা থাকলে আমরা সুখে থাকতে পারব । আমরা বিশ্বাস করে বসে আছি, টাকা থাকলে কি না করা যায় । মানিব্যাগ এ টাকা থাকলে চৈত্রের গরমেও ঠান্ডা লাগে, মাঘের শীতেও গরম লাগে । আমরা ভাবছি, টাকা আমাদের সব দিতে পারে । যেই মূহুর্তে আমরা টাকার কাছ থেকে সুখ পেতে চাচ্ছি, সেই মূহুর্তে আমরা লা ইলাহ ইল্লাল্লাহ্‌ লংঘন করছি, আমরা শির্‌ক করছি । আমি কখনো বলতে চাচ্ছি না টাকার দরকার নেই । দুনিযায় এক নম্বর ধনী যদি কোন মুসলমান হয়, আমার তাতে কোন আপত্তিই নেই । বরঞ্চ আমাদের দেশের তথাকথিত ধার্মিকেরা যখন টাকার প্রতি অনীহা প্রকাশ করে আলসেমি করে, নিজের জীবনে উন্নতি আনার কোন চেষ্টাও করে না, তখন আমার বিশ্বাস সেইটা মোটেও ইসলাম এর শিক্ষা না । সবার কাছে আমার হাতজোর করে একটা অনুরোধ, তথাকথিত মুসলমানের কি করছে তা দিয়ে ইসলামের মত এত চমত্‌কার একটা জিনিসকে বিচার যেন না করি । ইসলামকে যদি বিচার করতেই হয়, কুর্‌আনের কাছে ফিরে যেতে হবে ।

ইলাহ্‌ যে শুধু কোন বস্তুগত জিনিস হবে এমন অবশ্যই না । ইলাহ্‌ হতে পারে । মানুষের চিন্তাধারা, কোন আইডিয়া, পরসমালোচনা কে ভয় করা ইত্যাদি । যদি আমরা সুদ দেই অথবা নিই, তাহলে আল্লাহ্‌র কাছে আমরা অপরাধী হব । কারণ, সুদ দিতে অথবা নিতে আল্লাহ্‌ কুর্‌আনে সরাসরি নিষেধ করেছেন । কিন্তু আমরা যদি বলতে থাকি, আরে ধুর, সুদ ছাড়া হয় নাকি । সুদ ছাড়া আধুনিক অর্থনীতি চিন্তাই করা যায় না । কিংবা ১০ বছর পর ছেলেমেয়ের বিয়ের জন্য ডিপিএস করে টাকা জমাই, মানে সুদ নিই, এবং ভাবতে থাকি, এরকম না করলে ছেলেমেয়ের বিয়ে বা পড়াশোনা হবে কিভাবে ? তাহলে আমরা আসলে সরাসরি আল্লাহ্‌কে চ্যালেঞ্জ করছি । আল্লাহ্‌, যে সব কিছু সৃষ্টি করেছেন, এই মহাবিশ্বের সবকিছুই যার, তিনি যখন আমাদেরই ভালোর জন্য সুদ নিতে বা দিতে নিষেধ করেছেন, তখন আমরা বলছি, সুদ ছাড়া ব্যাংকিং এর কথা ভাবতেই পারছি না । আমরা এত অহংকারী যে, আল্লাহ্‌ সরাসরি আমাদেরকে একটা জিনিস করতে না করছেন, আর আমরা বলছি ধুর, সুদ ছাড়া চলে নাকি । এইখানে আমরা এইযে সুদ ছাড়া চলে নাকি, এই আইডিয়াকে ইলাহ্‌ হিসেবে গ্রহণ করছি এবং শির্‌ক করছি । এইখানে একটু খেয়াল করো, যখন আমরা কুর্‌আনের শিক্ষাটাকে মেনে নিচ্ছি, কিন্তু যেই কারণেই হোক, ভুল করে সুদ নিচ্ছি বা দিচ্ছি, এবং বিশ্বাস করছি যে এটা খারাপ, তখন আমরা অপরাধ করছি, কিন্তু শির্‌ক করছি না । কিন্তু যখন আল্লাহ্‌র দেয়া আইডিয়াকে আমরা পাত্তাই দিচ্ছি না, সুদের ঊপর ভিত্তি করে অর্থনীতিটাকে গড়ে তুলছি, তখন আমরা শির্‌ক করছি ।

এই একই ধরণের চিন্তাভাবনা অনেক ক্ষেত্রেই করা যায় । আল্লাহ্‌ সরাসরি আমাদেরকে হিজাব করতে বলেছেন । আমরা যদি না করি, সেইটা আমাদের অপরাধ । কিন্তু আমরা যদি বলি এবং ভাবতে শুরু করি যে, আরে কিসের হিজাব, কোন দরকারীই নাই । সেইক্ষেত্রে আমরা শির্‌ক করছি । অনেকক্ষেত্রে, অত্যধিক ভালবাসাকেও ইলাহ্‌ বলা যায় । অনেকক্ষেত্রে আমরা কোন মেয়ের প্রেমে দেবদাস হয়ে যাই । বলে থাকি, ও যদি না থাকে, তাহলে জীবনটা রেখে আর কি হবে ? একটা মেয়ের জন্য এই চমত্‌কার জীবনটা অর্থহীন মনে হওয়ার যেই আইডিয়াটা সেই আইডিয়াটাও ইলাহ্‌ এবং আমরা যখন এই ইলাহ্‌কে গ্রহণ করছি, তখন আমরা শির্‌ক করছি ।

এমনকি মানুষের ষ্ট্যাটাসটাকেও অনেক সময় ইলাহ্‌ বলা যায় । ষ্ট্যাটাসটা অনেকটা টাকার মতোই কাজ করে । আমরা মনে করি, ষ্ট্যাটাস আমাদের সন্মান বৃদ্ধি করবে । কিছু কিছু অজ্ঞ মানুষ হয়তো টাকা বা ষ্ট্যাটাসের উপর অন্য মানুষকে বিচার করে থাকে এবং যাদের টাকা বা ষ্ট্যাটাস আছে, তারা হয়তো মাঝে মাঝে তাদের কাছ থেকে সন্মান পেয়ে থাকে, কিন্তু কোন মানুষটা কোন অজ্ঞের কাছ থেকে সন্মান পেয়ে খুশী হতে চায় !

এবং ব্যক্তিগতভাবে আমার কাছে সবচেয়ে ভয়ানক যেটা মনে হয়, সেটা হল, লোকে কি ভাববে, সেটা ভাবা । কিংবা আরে সবাই করে আমি না করলে, কেমন দেখা যায় । লোকে কি ভাববে সেইটা ভাবা যে একদমই ভুল, আমি সেটা বলছি না । কিন্তু আল্লাহ্‌ যখন একটা জিনিস করতে বলছেন, তখন পাছে লোকে কিছু ভাবে এর ভয়ে আল্লাহ্‌ এর আদেশ পালন না করাটা হচ্ছে শির্‌ক । এই ক্ষেত্রে নামাযের উদাহরণটা দেয়া যায় । ধরা যাক, আমি কোন গেদারিং এ আছি । সেখানে কেউ নামায পড়ছে না । আমি সাধারণত নামায পড়ি । এখন তাদের কেউ পড়ছে না বলে যদি আমি মনে করি যে, তারা কি ভাববে ? এবং সেই কারণে, তারা কি ভাববে এই জিনিসটার কারণে যদি আমি তখন আল্লাহ্‌র আদেশ নামায না পড়ি, তাহলে আমি তখন আল্লাহ্‌র সাথে অন্যদের ভাবনাকে শরীক করছি । ঠিক বিপরীত জিনিসটাও বলা যায় । ধরি, আমি ঠিকমত নামায পড়ি না । এবং ধরলাম আজকে দুপুরে আমার নামায পড়ার কোন ইচ্ছা ছিল না । কিন্তু আমার কয়েকজন বন্ধু এসে আমাকে নামাযের জন্য ডাকল । আমার ইচ্ছা ছিল না, অথচ তাদের ডাকের জন্য বা তারা কি ভাববে, সেই কারণে নামায পড়লাম । তাহলে আমি শির্‌ক করলাম । এই ক্ষেত্রে আমি নামাযটা পড়েও শির্‌ক করলাম । কারণ, এই নামাযটা আমি আল্লাহ্‌র জন্য না, ঐ বন্ধুদের জন্য বা তাদেরকে দেখানোর জন্য পড়েছি । এই ক্ষেত্রে আমি যদি নামাযটা না পড়তাম, তাহলে অপরাধ করতাম, কিন্তু শির্‌ক তো করতাম না ।

কাজেই ইলাহ্‌ হতে পারে কোন মূর্তি, মানুষের কথার বা সমালোচনার ভয়, টাকা, স্ট্যাটাস, কোন আইডিয়া যেখানে আল্লাহ্‌র আদেশের অমান্য করা হয় ইত্যাদি অনেক কিছুই । ইবাদত করা(to worship) করা বলতে আমাদের অনেকেরই ধারণাটা পরিষ্কার না । এই নিয়ে একটা হাদীস বলি, তাহলে হয়তো ইবাদতের অর্থটা কিছুটা পরিষ্কার হবে । একজন লোক খ্রীষ্টান থেকে মুসলমান হয়েছিল । কোন এক কথার সাপেক্ষে সে একবার বলেছিল, হে রাসুলুল্লাহ্‌, আমরা তো আমাদের যাজকদের ইবাদত করতাম না । তখন রাসুলুল্লাহ্‌ বলেছিলেন, তোমরা কি এমন কিছু করতে না যা আল্লাহ্‌ না করেছে এবং যাজকেরা হ্যাঁ করেছে এবং তোমরা যাজকদের মান্য করেছ । আবার তোমরা কি এমন কিছু কর নি যেটা আল্লাহ্‌ হারাম করেছে এবং তারা(যাজকেরা) হালাল করেছে এবং তোমরা সেইটা হালাল হিসেবে মেনে নিয়েছ । তখন লোকটা বলল, হে রাসুলুল্লাহ্‌ আমরা তা করতাম । তখন রাসুলুল্লাহ্‌ বললেন, এভাবেই তোমরা সেই যাজকদের পূজা বা ইবাদত করতে । আর এভাবেই তারা আল্লাহ্‌র সাথে সেই যাজকদের শির্‌ক করত ।

আমরা মুসলমানেও যদি ভেবে দেখি, তাহলে আমরাও প্রতিনিয়ত শির্‌ক করে যাচ্ছি অর্থাৎ, লা ইলাহ্‌ ইল্লাল্লাহ্‌ ভঙ্গ করে যাচ্ছি । শুধু অমুসলিমরাই যে, লা ইলাহ্‌ ইল্লাল্লাহ্‌ মানে না তা না, আমরাও তা করি ! আল্লাহ্‌ আমাদের সঠিক পথ দেখান । আমীন ।

Friday, March 21, 2008

ঈমান কেন প্রয়োজনীয়?


পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

ঈমান আনা কেন এত গুরুত্বপূর্ণ? বর্তমানে অনেকেই বলে যে, এই সব ধর্ম বা স্রষ্টায় বিশ্বাস এর কোন প্রয়োজন নেই। আমরা ভাল কাজ করলেই তো হয়। তারা নতুন এক ধর্মের কথা বলে যার নাম হল মানবধর্ম। মানবধর্ম কি? মানুষ হল সবকিছুর উপরে। Ethics এর এক ক্লাশে বিভিন্ন মনীষীর দেয়া Ethics এর সংজ্ঞা পড়ানো হচ্ছিল। এক মনীষীর মতে, মানুষের মূল্য হচ্ছে পরম। মানুষের উপকারে আসে এরকম সব কাজই হচ্ছে নৈতিক কাজ। খুবি চমৎকার। কিন্তু সমস্যা হচ্ছে, এ ধরনের তত্ত্ব জেনেও কারো চরিত্রের কোন পরিবর্তন হচ্ছে না। Ethics এর ক্লাশ করে একজনের চরিত্র বদলে গেছে এরকম মানুষ আমি পাই নি। একেবারে গোড়াতে আমাদের মৌলিক কিছু সমস্যার সমাধান না করা পর্যন্ত আমাদের চরিত্র বদলাবে না। একজন মানুষের জীবনের লক্ষ্য কি তার উপর নির্ভর করে তার নীতি কিভাবে নির্ধারিত হবে। কাজেই আমাদের জীবনের লক্ষ্যকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে। জীবনের লক্ষ্যকে সঠিকভাবে নির্ধারণ করাটাই হল ঈমান আনা।

ঈমান মানে কি শুধু বিশ্বাস? আমার কাছে তা মনে হয় না। কারন শুধু বিশ্বাস করাটাই যদি ঈমান হয়, তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষই মুমিন। কিন্তু মুমিন হওয়া কি এত সহজ? একবার কিছু সাহাবী ইসলামে প্রবেশ করে নিজেদের মুমিন বলছিলেন। তখন তাদেরকে বলা হল যে, তোমরা নিজেদেরকে মুমিন বল না, বল যে তোমরা ইসলামে প্রবেশ করেছ। আরো কিছু উদাহরন দেখা যাক। ফিরআউন কি মুমিন? ফিরআউন কিন্তু আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করত। শয়তান কি মুমিন? কোন সাধারন মানুষের শয়তানের থেকে বেশি আল্লাহর উপর বিশ্বাস নেই। তারপরও শয়তান মুমিন না। তাহলে ঈমান আনা বলতে আসলে কি বুঝায়? এ ব্যাপারে পরিষ্কার জ্ঞান থাকা প্রয়োজন। আমি নিজেও এখনও এ ব্যাপারে পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারি নি। এখানে আমি এ পর্যন্ত যা বুঝে এসেছি তা ব্যাখ্যা করার চেষ্টা করব।

একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, তখন তার ভিতরে ভালবাসা, দয়া, উদারতা, সদয়ভাব, সৌজন্যবোধ ইত্যাদি গুনাবলীগুলোর বীজ বপণ করা হয়ে থাকে। এ গুণগুলো প্রত্যেক মানুষের ভিতর সহজাত ভাবে থাকে। অর্থাৎ একটি শিশুর জন্ম নেওয়া মানে একটি গাছের চারা রোপিত হওয়া। এখন এই চারাটাকে বিকশিত করতে হবে। এই পৃথিবী হল সেই চারার বিকশিত হবার মাধ্যম। কোন মানুষ যত বেশি ভালবাসা, দয়া, উদারতা ইত্যাদি সদগুণগুলো অনুশীলন করবে তার সেই চারাটা তত বেশি বিকশিত হবে, সুস্থ-সবলভাবে বড় হবে। আর সে যদি তার উল্টোতা করে, অর্থাৎ অন্যায়, অত্যাচার করে তাহলে সে সেই চারাটাকে ধ্বংস করে। কুরআনে আল্লাহ বারবার বলছেন যে, তোমরা তোমাদের আত্মার জন্য ভাল কাজ পাঠাও। তিনি আরো বলছেন, তোমরা যদি অন্যায় কর, জুলুম কর তাহলে তোমরা আল্লাহ বা অন্য কারোর কোন ক্ষতি করবে না, বরং তোমরা তোমাদের নিজেদেরই ক্ষতি করবে। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের আত্মার প্রতি জুলুম কর না, তোমাদের আত্মাকে ধ্বংস করো না। কুরআনে আল্লাহ খুব চমৎকার একটা রূপক ব্যবহার করেছেন। সেটি হল এরকম যে, তারা যখন কোন অন্যায়-অত্যাচার, খারাপ কাজ করে, তখন তাদের আত্মার অবস্থা হয় এরকম যেন একটি টর্নেডো এসে একটি শস্যক্ষেত্রকে লন্ডভন্ড করে গেল। আরেকটি চমৎকার রূপক আছে কুরআনে। উর্বর ভূমি থেকে বিভিন্ন ধরনের শস্য বের হয়ে আসে। কিন্তু অনূর্বর ভূমি থেকে তেমন কিছুই বের হয়ে আসে না। আমাদের আত্মার অবস্থা হবে অনেকটা এরকম। কাজেই আমাদের ভিতর চমৎকার সব গুণাবলীগুলোর সুপ্ত যে প্রতিভা আছে তাকে লালন করে বিকশিত করা হচ্ছে এই পৃথিবীর জীবনের উদ্দেশ্য।

এবার একটা ব্যাপার চিন্তা করে দেখি। যে সব গুণাবলীর কথা বলা হল সেগুলোর সবচেয়ে বেশি ধারক কে? কার কাছে এই গুণগুলো সবচেয়ে বেশি আছে? কার এই গুণাবলীগুলো নিখুঁত এবং অসীম? তিনি আল্লাহ! আমরা যদি এই গুণগুলোকে বিকশিত করতে চাই তাহলে আমাদেরকে টার্গেট করতে হবে আল্লাহকে, কোন মানুষ বা শয়তান বা কোন বস্তুকে নয়। আল্লাহকে অনুসরন করতে হবে। আল্লাহ মানুষকে তার অবয়বে তৈরি করেছেন এই অর্থে যে, আমরা আল্লাহর অসীম সব গুণাবলীগুলোকে শেয়ার করতে পারব, আয়ত্ব করতে পারব। আল্লাহর এই গুণাবলীগুলোকে অর্জন করে আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারব। এই ক্ষমতা আমাদের ভিতরে দিয়ে দেয়া হয়েছে। আমরা আল্লাহর প্রতিনিধি। এখন আমাদের সহজাত এই প্রবৃত্তিকে আমরা মেনে নেব কি নেব না? আমরা কি আমাদেরকে গড়ে তুলব না আমাদেরকে ধ্বংস করব?

এবার ঈমান নিয়ে চিন্তা করা যাক। ঈমান এর বিপরীত হল কুফর। কাফারা করা মানে হল অবিশ্বাস করা, অস্বীকার করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা ইত্যাদি। ঈমান আনা হল বিশ্বাস করা, স্বীকার করা, বিশ্বস্ততা প্রকাশ করা। আমি এটাকে এভাবে দেখি। ঈমান আনা হল আমাদের যে সহজাত প্রবৃত্তি আছে তাকে স্বীকার করা, আমাদের উপর যে দায়িত্ব দেয়া হয়েছে, যে আমানত দেয়া হয়েছে সেটাকে রক্ষা করার অঙ্গীকার করা, আমাদের ধ্যান-জ্ঞানকে আল্লাহমুখী করা, আল্লাহকে আমাদের জীবনের লক্ষ্য করা, আমাদের এবং আল্লাহর মাঝা সরল রাস্তা তৈরি করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া। আর ঈমানের বহি:প্রকাশকে আমি বলি ইবাদাত।

এবার ঈমানের প্রভাব নিয়ে চিন্তা করা যাক। একজন মানুষ যদি তার দৃষ্টিকে শুধু তার নিজের ভিতর সীমাবদ্ধ রাখে, তাহলে তার সচেতনতা, সজ্ঞানতা থাকে অনেক সীমিত। সে তখন নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝে না। সে নিজেকে একটি সীমিত গন্ডির ভিতর আবদ্ধ করে রাখে। লোভ-লালসা, অহংকার ইত্যাদি শৃঙ্খল দ্বারা নিজেকে বেধে রাখে। তার অবস্থা হয় অনেকটা এরকম যে সে দেখেও দেখতে পারে না, শুনেও শুনতে পারে না। আল্লাহ তাদের কথা বলছেন যে, তারা বধির, বোবা এবং অন্ধ। সে এই পৃথিবীর জাকজমক দেখে প্রতারিত হবে, সে থাকে প্রচন্ডরকমের এক ধোঁকার ভিতরে। এখন কেউ যদি তার দৃষ্টিকে এই শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহর দিকে নিয়ে যায় তাহলে তার সচেতনতা, সজ্ঞানতা হবে অনেক বিস্তারিত। সে তখন সবকিছু দেখার, বুঝার, শোনার চেষ্টা করবে। সে যখন আল্লাহর বিভিন্ন গুণাবলীগুলো চিন্তা করবে এবং সেগুলোকে নিজের ভিতরে গড়ে তোলার চেষ্টা করবে। তার ভালবাসা, দয়া, উদারতা, সৌজন্যবোধ তখন শুধু নিজের এবং তার আশেপাশের গুটিকয়েক মানুষ বা বস্তুর ভিতর সীমাবদ্ধ থাকবে না। তার ভালবাসা হবে সুদূর প্রসারিত। সে সবাইকে সমানভাবে ভালবাসবে, সবার প্রতি দয়া দেখাবে। শুধু তার পরিবার ও আত্মীয়দের প্রতি না, শুধু মানুষের প্রতি না, সমগ্র সৃষ্টির প্রতি তার ভালবাসা, দয়া, উদারতা ইত্যাদি প্রসারিত হবে। আল্লাহর জন্য অন্যকে ভালবাসা বলতে আমি এটাকেই বুঝি। এবার সূরা ফাতিহার প্রথম পাঁচটি আয়াতের প্রতি মনোযোগ দেয়া যাক।

পরম দয়ালু ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিজগৎসমূহের রব(পালনকর্তা)।
২। তিনি পরম দয়ালু ও অসীম করুনাময়।
৩। তিনি বিচারদিবসের মালিক।
৪। আমরা শুধু তোমার ইবাদাত করি এবং তোমার কাছে সাহায্য চাই।
৫। আমাদেরকে সহজ-সরল পথে ধাবিত কর।

প্রথম ৩ আয়াতে আল্লাহর ৩ ধরনের গুণাবলীর কথা বলা হয়েছে। এই ৩ ধরনের গুণাবলী হচ্ছে প্রধান এবং এগুলো থেকে অন্যান্য গুণাবলীগুলো চলে আসে। প্রথম গুণ হল, পালনকর্তা। যে ঈমান এনেছে, সে নিজেকে পালনকর্তা হিসেবে গড়ে তুলবে। সে তার আশেপাশের মানুষ, বস্তু, পশু-পাখি, গাছপালা সবাইকে প্রতিপালন করার চেষ্টা করবে। সবাইকে সে যত্ন করবে। দ্বিতীয় গুণ হল, দয়ালু ও করুনাময়। একজন মুমিন হবে সবার প্রতি দয়ালু ও করুনাময়। তৃতীয় গুণ হল, বিচারের মালিক। একজন মুমিন বিচারের ক্ষেত্রে হবে আপোসহীন, সুবিচারের প্রতি থাকবে সে কঠোর যদিও তা তার নিকট আত্মীয়ের বিরুদ্ধে হয়। ৪র্থ আয়াত হল আমরা শুধু আল্লাহকে অনুসরন করব, আল্লাহর দিকে নিজেদের ধাবিত করব, আল্লাহকে আমাদের সামনে রাখব এবং তার কাছে সাহায্য চাব। আর ৫ম আয়াত হল আমাদের চূড়ান্ত লক্ষ্য। উপরে গুণাবলীগুলো আমরা আল্লাহর সাহায্য-সহযোগিতা নিয়ে, আল্লাহকে অনুসরন করে অর্জন করব এবং এভাবে আমরা আল্লাহর কাছে যাওয়ার রাস্তায় নিজেকে নিয়ে যাব। কত চমৎকার এই সূরা! প্রতিদিন কমপক্ষে ১৭ বার এটিকে স্মরণ করলে আর কিছুর কি প্রয়োজন আছে?

কুরআনের দ্বারা প্রভাবিত হয়ে একজন মুমিন নিজেকে এমন এক অবস্থায় নিয়ে যায় যে, সে তখন অন্যের জন্য তাই ভালবাসে যা সে নিজের জন্য ভালবাসে। নিচের ঘটনাটা খেয়াল করি।

ঘটনা: এক সাহাবী তার সঙ্গীসহ বাজারে গিয়েছেন। সে এক দোকানের সামনে গিয়ে একটা জিনিসের দাম জিজ্ঞাসা করল। দোকানদার তাকে বলল যে, জিনিসটার দাম ৫ দিরহাম। সাহাবী তখন কিছুক্ষণ চিন্তা করে বলল যে, আমাকে এটি ৭ দিরহামে দিবেন? দোকানদার বলল যে, অবশ্যই দিব, আমি তো এটাকে ৫ দিরহাম দিয়েই দিতে চাই। তখন সাহাবী আরো কিছুক্ষণ চিন্তা করে বলল যে, এটা আমাকে ৮ দিরহামে দিবেন? দোকানদার তাকে একি উত্তর দিলেন। এভাবে সাহাবী শেষপর্যন্ত ১২ দিরহাম দিয়ে জিনিসটা কিনলেন। তার সঙ্গী তাকে জিজ্ঞাসা করলেন যে, যে জিনিসটা ৫ দিরহামে কেনা যেত সেটা কেন আপনি ১২ দিরহাম দিয়ে কিনলেন? সাহাবী তাকে উত্তর দিলেন, আমি চিন্তা করে দেখলাম যে, আমি যদি জিনিসটার মালিক হতাম তাহলে ১২ দিরহাম দিয়ে বিক্রী করতে পারলে আমি খুশি হতাম, তাই আমি ১২ দিরহাম দিয়ে জিনিসটা কিনেছি।

একজন মুমিন হবে এরকম।

আমরা সবাই বেহেশতে যেতে চাই। অনেকে বেহেশতে যাবার জন্য এতই পাগল থাকে যে, যদি কারো কারনে তার নামাযের ব্যাঘাত ঘটে, তাহলে তাকে মারধোর করতে পর্যন্ত দ্বিধা করে না( বাংলাদেশের পত্রিকায় পেয়েছি)। আমি এখানে বলে রাখি, ততক্ষণ পর্যন্ত কারো ঈমান পরিপূর্ণ হবে না, যতক্ষণ পর্যন্ত না সে চাবে যে, তার ভাই তার আগে বেহেশতে যাক। ঈমানের স্বাদ যে পেয়েছে তার কাছে পৃথিবীর সবকিছু অর্থহীন হয়ে পড়ে। এই পৃথিবীর লোভ-লালসা, অর্থ-সম্পদ, গাড়ি, বাড়ি দ্বারা সে আর আকৃষ্ট হয় না। নতুন কোন পণ্য বাজারে বের হলেই সে সেটাকে কেনার জন্য পাগল হয় না। লোক দেখানোর জন্য সে কোন কাজ করে না। অন্যেরা তাকে সম্মান করুক, তার প্রশংসা করুক, তার সিজদা করুক সেটাও সে চায় না। কে তার উপকারে আসবে আর কে তার উপকারে আসবে না এইসব আর তার মাথাব্যথার কারন না। তার ধ্যান-জ্ঞান থাকে শুধু আল্লাহ। একজন মুমিন ব্যক্তির চরিত্র হল অসাধারন যা আমরা বেশিরভাগ সময়ই চিন্তা করতে পারি না। আর মুমিন হবার জন্য দরকার কুরআনের জ্ঞান। তবে এ কথা বলছি না যে, কুরআন না পড়লে মুমিন হওয়া যাবে না। আমি এমন মানুষ দেখেছি যারা তাদের মত করে স্রষ্টাকে পাবার চেষ্টা করে যাচ্ছে। তবে যারা কুরআনের সন্ধান পেয়েছে, তারা যদি কুরআন থেকে জ্ঞান লাভ করতে না পারে, তাহলে সেটা হবে খুবি আফসোসের বিষয়। কুরআন তোতা পাখির মত আবৃতি করার জন্য না, এটা জ্ঞান লাভের জন্য। আসুন আমরা কুরআন পড়ি, নিজেদেরকে আল্লাহর পথে প্রতিষ্ঠিত করি।

Wednesday, March 19, 2008

আমি কী মুসলমান !

আমি কী মুসলমান !

মাসুদ রানা
১৯
মার্চ, ২০০৮, কুমামোতো, জাপান

ইসলাম মানে শান্তি । এরকমই পড়ে এসেছি ছোটবেলা থেকে। কিন্তু যখন শুনলাম ইসলাম (আরবী শব্দ) হচ্ছে একটা ক্রিয়া পদ (verb), তখন মনে হল, আর যাই হোক ইসলাম মানে শুধুমাত্র শান্তি হতে পারেনা । কারণ, শান্তি হচ্ছে বিশেষ্য পদ (noun)।

ইসলাম শব্দটা এসেছে আরবী শব্দ-মূল সালাম এবং সিল্‌ম থেকে । সালাম মানে হচ্ছে শান্তি । আর সিল্‌ম মানে হচ্ছে আত্ননিবেদন করা (to submit[verb] ) অথবা আত্নসমর্পণ করা (to surrender[verb] ) । কাজেই, ইসলাম এর অর্থ হচ্ছ আত্নসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা । আবারো বলছি, ইসলাম একটা ক্রিয়া পদ । সালাম শব্দটাকে আরেকভাবেও বলা যায় - পরিপূর্ণতা । অর্থাৎ ইসলাম কে এভাবেও বলা যায় যে, আত্নসমর্পণের মাধ্যমে পরিপুর্ণতা অর্জন করা । ঠিক একইভাবে আস্‌ সালামু আলাইকুম এর অর্থ, তোমার শান্তি হোক, আমরা সবাই জানি। এর অর্থ এভাবেও বলা যায় যে, তোমার জীবন সবদিক থেকে পরিপূর্ণ হোক । কত চমৎকার একটা সম্বোধন !

আত্নসমর্পণ করা বলতে আসলে কি বুঝায়? এক কথায় বললে নিজেকে আল্লাহ্‌র কাছে সঁপে দেয়া । এখন কথা হচ্ছে নিজেকে সঁপে দিয়ে কি করব কিংবা নিজেকে যে সঁপে দিয়েছি বুঝব কিভাবে ? জিনিসটাকে আমি এভাবে দেখি - ধরলাম, আমি কোন নতুন দেশে ভ্রমাণে গিয়েছি। সেই দেশের কিছুই আমি জানি না । তখন আমি কি করব, আমাকে গাইড করে সবকিছু ঘুরিয়ে দেখাতে পারে এরকম একজন গাইডের শরণাপন্ন হব । তারপর, গাইড আমাকে যা বলবে আমি সেই অনুযায়ী কাজ করব, কারণ, আমি কিছুই জানি না । এটাকে বলে সঁপে দেয়া । এখানে আমি সেই গাইডের হাতে নিজেকে সঁপে দিয়েছি । আমি বিশ্বাস করছি গাইড আমাকে ঠিকমতো সবকিছু ঘুরিয়ে দেখাতে পারবে । এবং এরপর গাইড আমাকে যা করতে বলবে আমি তাই করব। সে আমাকে ডাইনে যেতে বললে আমি ডাইনে যাব; সে আমাকে বাঁয়ে যেতে বললে আমি বাঁয়ে যাব - কারণ আমি যানি তা না করলে আমি হারিয়ে যাব, এবং তাতে আমার নিজেরই ক্ষতি হবে ।

ইসলামের সঁপে দেয়াটা ঠিক এরকমই মনে হয় আমার কাছে । আল্লাহ্‌ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং একইসাথে আমাদের পথ দেখানোর জন্য গাইডলাইন দিয়েছেন (কো’রান এবং হাদীস) । কো’রানে যদি বলা থাকে ডাইনে যেতে আর যদি আমি বাঁয়ে যাই, তাহলে আমি কিভাবে বলব যে, আমি নিজেকে আল্লাহ্‌র কাছে সঁপে দিয়েছি । অর্থাৎ, আল্লাহ্‌র কাছে নিজেকে সঁপে দেয়া বা নিজেকে সমর্পণ করার মানে হচ্ছে আল্লাহ্‌ আমাকে যে পথ দেখিয়েছেন সেই পথে চলা, সহজভাবে বললে, আল্লাহ্‌কে মান্য করা; তার আদেশ নিষেধ মেনে চলা । আর যে এরকম করে সেই লোকই তো মুসলিম বা মুসলমান । কারণ, আরবী শব্দ মুসলিম আর বাংলা অর্থ হচ্ছে আত্নসমর্পণকারী । আমি যখন এভাবে জানলাম, তখন আমার মনে হতে থাকল, আরে আমি কি আসলেই আত্নসমর্পণকারী কিনা ? দেখলাম যে না; আমিতো আল্লাহ্‌কে খুবই কম মান্য করছি । এত কম যে, নিজেকে আত্নসমর্পণকারী ভাবতে লজ্জা লাগল - মনে হল যে, না, আমি তো আত্নসমর্পণকারী না । তার অর্থ আমি মুসলমানই না !!

ইসলাম শব্দটাকে আরো সুন্দরভাবে বিশ্লেষেণ করা যায় । ব্যুৎপত্তিগত ভাবে এর অর্থ দুইটি - শান্তি (বিষেশ্য পদ) ও আত্ননিবেদন করা (ক্রিয়া পদ) বা আত্নসমর্পণ করা (ক্রিয়া পদ) । আর, মান্য করা জিনিসটা না থাকলে যেহেতু আত্নসমর্পণ করার কোন মানেই হয় না কাজেই ইসলাম এর মাঝে মান্য করা (ক্রিয়া পদ) শব্দটাও অনর্ভুক্ত করা যায় । আবার, কোন একটা কাজ কেউ যখন করে সেই কাজটা আন্তরিকতার সাথে না করলে সত্যিকার অর্থে কাজটা পরিপূর্ণতা পায় না - তা সে যে কাজই হোক না কেন । কাজেই ইসলাম শব্দটাকে আরও বিশদভাবে এভাবেও বলা যায় - ইসলাম হচ্ছে একটা ক্রিয়া পদ যার অর্থ, আল্লাহ্‌র কাছে আত্নসমর্পণ ও আত্ননিবেদন করে, আল্লাহ্‌র আদেশ-নিষেধ আন্তরিকতার সাথে মান্য করে জীবনে পরিপূরণতা ও শান্তি অর্জন করা (ক্রিয়া পদ) । আর, যেই ব্যক্তি এই কর্মটা করে সেই ই আত্নসমর্পণকারী বা মুসলিম বা মুসলমান ।

মুসলিম পরিবারে জন্ম নিলাম কিংবা শুধু বিশ্বাস করলাম আল্লাহ্‌ আছে, ঐ জিনিস একজন মানুষকে মুসলিম বা মুসলমান বানায় না । কেউ যখন আমাকে এখন জিজ্ঞেস করে আমি মুসলিম কিনা, তখন নিজের মাঝেই চিন্তা আসে যে, আমি আসলেই আত্নসমর্পণকারী কিনা ? তাই, উত্তর দিতে অনেক ভাবতে হয় । মুসলিম শব্দের অর্থ না জেনে আগে যখন বোকার মত নিজেকে মুসলমান বলতাম, এখন অত সহজে নিজেকে মুসলমান বলতে পারি না !